ঢাকা কমার্স কলেজের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পল্লবীস্থ সিটি ক্লাব মাঠে। সকালে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদবোধন করা হয়। উদবোধন করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস। উদবোধনের পর ক্রীড়া মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান স্বাধীন। বিএনসিসি, রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষকদের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন জনাব মোস্তাফা কামাল আরিফ, প্রভাষক, বাংলা বিভাগ; শিক্ষিকাদের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন সাবিহা আফসারী, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ। কর্মচারীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন মো. শাহীনুল ইসলাম, হিসাব শাখা। প্রতিযোগিতায় দ্রুততম মানব নির্বাচিত হয়েছে আতিক ফয়সাল (দ্বাদশ শ্রেণি) এবং দ্রুততম মানবী নির্বাচিত হয়েছে রামিয়া তাহসিন ঐশী (একাদশ শ্রেণি)। ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে আতিক ফয়সাল (দ্বাদশ শ্রেণি) ও নুসরাত জাহান মাহিয়া (একাদশ শ্রেণি)। সেরা ফুড স্টল নির্বাচিত হয়েছে Snacks Bank (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)
মধ্যাহ্ন ভোজের পর দিনের দ্বিতীয় ভাগে ছিল 'যেনন খুশি তেমন সাজো' প্রতিযোগিতা ও আকর্ষণীয় ডিসপ্লে। এতে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও জাতীয় চেতনাকে তুলে ধরা হয়।
এছাড়াও দিনব্যাপী শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় স্থাপিত বিভিন্ন স্টল হতে সুস্বাদু খাবার ও পানীয় বিক্রির ব্যবস্থা ছিল। স্টলগুলোতে আনন্দঘন পরিবেশে নানা ধরনের খাবার, পিঠা ও পানীয় বিক্রয় করা হয়।
দিনের শেষভাগে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মানসূচক সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস, সদস্য, গভর্নিং বডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি, গভর্নিং বডি; আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন; প্রফেসর এ.এইচ.এম. সাইদুল হাসান, আহবায়ক, ক্রীড়া কমিটি এবং কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।